মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ - ২৩:৫০
প্রয়াত আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির প্রতি শেষ শ্রদ্ধা জানালেন আয়াতুল্লাহ সুবহানি

প্রয়াত বিশিষ্ট শিয়া ধর্মীয় নেতা ও মারজায়ে তাকলীদ আয়াতুল্লাহিল উজমা হোসেইন ওয়াহিদ খোরাসানির প্রতি শেষ শ্রদ্ধা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তাঁর বাসভবনে উপস্থিত হয়েছেন বিশিষ্ট মারজা আয়াতুল্লাহিল উজমা জাফর সুবহানি।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার কোম শহরে আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির বাসভবনে তাঁর মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেন আয়াতুল্লাহ হাজি শেখ জাফর সুবহানি। এ সময় তিনি তাঁর প্রয়াত বন্ধু ও দীর্ঘদিনের সহযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

শোক ও বেদনায় শেষ বিদায়
আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির পবিত্র মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন উপলক্ষে আহলে বাইত (আ.)-এর স্মরণে শোকানুষ্ঠান ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। কোম শহরের সাফাইয়েহ সড়কে অবস্থিত তাঁর কার্যালয়ের ফাতেমিয়ায়ে হযরত ওয়ালি আসর (আ.ফা.)-এ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

শোক ও বেদনায় ভারী পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে আহলে বাইত (আ.)-এর ভক্ত ও অনুরাগীরা শোকগাথা পরিবেশন করছেন। এ সময় মরহুমের অনুসারী ও ভক্তরা তাঁর প্রয়াণে অশ্রুসিক্ত নয়নে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

কোমে জানাজা অনুষ্ঠিত হবে বুধবার
আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির পবিত্র মরদেহের জানাজা বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় কোম শহরের ১৯ দেই সড়কের (বাজাক) ফাতেমিয়া মসজিদ থেকে হযরত ফাতেমা মাসুমা (সা. আ.)-এর পবিত্র মাজারের উদ্দেশে অনুষ্ঠিত হবে।

মাশহাদে দাফন
কোম প্রদেশের রাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক উপ-গভর্নরের ঘোষণা অনুযায়ী, কোমে জানাজা শেষে আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির মরদেহ পবিত্র মাশহাদ নগরীতে নিয়ে যাওয়া হবে। সেখানে বৃহস্পতিবার জানাজা শেষে হযরত ইমাম আলী ইবনে মুসা আর-রেজা (আ.)-এর পবিত্র মাজারের পাশে তাঁকে দাফন করা হবে।

মাশহাদে জানাজা ও শোকযাত্রা আয়াতুল্লাহিল উজমা খুইয়ি (রহ.)-এর মাদরাসা থেকে শুরু হয়ে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারের দিকে অগ্রসর হবে।

শোকসভা
এ ছাড়া আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মাগরিব ও এশার নামাজের পর মাশহাদের আয়াতুল্লাহিল উজমা খুইয়ি (রহ.) মাদরাসায় মরহুমের পরিবারের পক্ষ থেকে শোকসভার আয়োজন করা হয়েছে।

সাত দশকের ইলমি সাধনার অবসান
দীর্ঘ সাত দশক ধরে ইলমি সাধনা, হাওজায়ে ইলমিয়ায় অসংখ্য শিক্ষার্থী গড়ে তোলা এবং আহলে বাইত (আ.)-এর বিশুদ্ধ শিক্ষার প্রচার ও ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ অবদান রাখার পর ২৬ আবান ১৪০৫ ফার্সি সালে (১৭ নভেম্বর ২০২৬) ভোরে ইন্তেকাল করেন আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি। তাঁর ইন্তেকালে শিয়া ধর্মীয় ও ইলমি জগতে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha